রাজধানী ঢাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের পাশাপাশি আরও ৪টি নতুন থানা করার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
শুক্রবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, কারওয়ান বাজারে গত সপ্তাহে একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এর উদ্দেশ্য বিভিন্ন ধরনের সমস্যা ও চাঁদাবাজি প্রতিরোধ করা। খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি চালুর পাশাপাশি আরও কয়েকটি এলাকায় নতুন ফাঁড়ি স্থাপনের কাজ চলছে।
তিনি জানান, মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় আবাসনের ব্যবস্থা হলে সেখানে দ্রুত একটি নতুন ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়া বাড্ডা থেকে বেরাইদ এলাকার দূরত্ব বিবেচনায় ওই এলাকাতেও নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে। গেন্ডারিয়া বা ওয়ারী এলাকার ঘুন্টিগড় এলাকাতেও আরেকটি ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে। অনুমোদিত বিভিন্ন পুলিশ ফাঁড়িকে পুনর্বিন্যাস করে জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মো. সরওয়ার বলেন, গত ১৫-১৬ বছরে পুলিশের উন্নয়ন ও কার্যক্রমে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সে সময় পুলিশ হয়তো বিশেষ উদ্দেশ্যে কাজ করেছে। বর্তমানে জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সব নাগরিককে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
পুলিশ সদস্যদের আবাসন প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক মাসে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ডিএমপিতে প্রায় ৮ হাজার সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও ডেমরা পুলিশ লাইন্সে ১ হাজার ৬০০ করে সদস্যের থাকার ব্যবস্থা করা হয়েছে। মিরপুর পুলিশ লাইন্সে ২০ তলা ব্যারাক উদ্বোধন করা হয়েছে, যেখানে ছয় তলা পর্যন্ত ২ হাজার ২০০ সদস্য থাকতে পারবেন।
তিনি আরও জানান, পূর্বাচলে পুলিশ সদর দপ্তরের ২০ তলা ভবনে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক উত্তর বিভাগের ৮০০ থেকে ৯০০ সদস্য অবস্থান করবেন। দিয়াবাড়ির ১০ একর জায়গাজুড়ে পুলিশ লাইন্সেও ট্রাফিক পুলিশ, থানা ও ফাঁড়ি স্থানান্তরের কাজ চলছে। বসিলা পুলিশ লাইন্সে ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রায় ২৫০ সদস্যের অফিস চালু হয়েছে। এছাড়া রাজাবাগ পুলিশ লাইন্সের অতিরিক্ত চাপ কমাতে এমটিও ওয়ার্কশপ বসিলায় স্থানান্তর করা হচ্ছে। সেখানে ১৫০ থেকে ২০০ মেকানিক পুলিশ সদস্যসহ পূর্ণাঙ্গ ওয়ার্কশপ গড়ে তোলা হবে। বসিলায় ডিএমপির মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুলের কার্যক্রমও চলমান রয়েছে।
রাজধানীতে নতুন থানা স্থাপনের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রায়েরবাজারে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে। এটি দ্রুত অনুমোদনের চেষ্টা চলছে। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু অংশ নিয়ে আরও একটি নতুন থানা করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকার অংশ নিয়ে বসুন্ধরা নামে নতুন একটি থানা গঠন করা হবে। পাশাপাশি খিলগাঁও এলাকায়ও আরেকটি নতুন থানার প্রস্তাব রয়েছে।
পূর্বাচল এলাকায় পুলিশিং কার্যক্রম নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরে মো. সরওয়ার বলেন, পূর্বাচল ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এলে সেখানে পুলিশিং শুরু করা হবে। ওই এলাকায় চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক বিভাগ, এমটিও ওয়ার্কশপ ও পুলিশ লাইন্স স্থাপনের জন্য ৬ হাজার সদস্যের জনবলের চাহিদা রয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন