ডিএসসিসি প্রশাসক

ঢাকায় ঝুলন্ত তারের জট কমানো হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৫:২১ পিএম
ঢাকায় ঝুলন্ত তারের জট কমানো হবে

রাজধানীতে ঝুলন্ত তারের জট কমাতে টেলিফোনসহ বিভিন্ন ধরনের ক্যাবল লাইন পর্যায়ক্রমে মাটির নিচে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মো. আব্দুস সালাম।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় টেলিফোন লাইনসহ বিভিন্ন ইউটিলিটি ক্যাবল ভূগর্ভস্থ করার কাজ শুরু হবে। এর মাধ্যমে নগরীর সৌন্দর্য ও নিরাপত্তা দুটিই বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, রাজধানীর ওয়ারী, ধানমন্ডি ও বাসাবোসহ যেসব আবাসিক এলাকায় অতিরিক্ত বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে, সেগুলোকে আবারও আবাসিক পরিবেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম প্রসঙ্গে মো. আব্দুস সালাম বলেন, আগামী ১৫ দিন বিশেষ অভিযান চালিয়ে মশার লার্ভা শনাক্ত ও ধ্বংসে সিটি করপোরেশনের কর্মীরা মাঠে কাজ করবেন।

অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে গেছে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, নিজেকে কেবল নীতিনির্ধারক হিসেবে নয়, মাঠপর্যায়ের কর্মী হিসেবেও দেখতে চান। আসন্ন কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এম জি