ডিএসসিসি প্রশাসক

৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২০, ২০২৬, ১২:৫০ পিএম
৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে। নগরবাসীর ভোগান্তি কমাতে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত সবজি বাগান এসটিএস-এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম জানান, রাজধানীর প্রতিটি পশুর হাটে থাকবে পৃথক কন্ট্রোল রুম। পাশাপাশি দায়িত্ব পালন করবেন চিকিৎসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে হাটে আসা-যাওয়া ও কেনাবেচা করতে পারেন, সে বিষয়েও নজর রাখা হবে।

তিনি আরও বলেন, পশুর হাটের কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জরিপের তথ্য বিশ্লেষণ করে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে রোগের বিস্তার কমিয়ে আনা সম্ভব হয়।

এম জি