রাজধানীর মহাখালী এলাকায় বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সড়কে নেমে আন্দোলন করছেন নাসা পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার সকাল থেকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, তেজগাঁও লিংক রোডের বটতলা ক্রসিং থেকে প্রায় ১০০ মিটার দূরে নাসা গ্রুপের আনুমানিক ২০০ থেকে ২৫০ জন শ্রমিক রাস্তার একপাশ অবরোধ করে আন্দোলন করছেন।
এ কারণে তেজগাঁও লিংক রোডে যান চলাচলে ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
এদিকে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কাজ চলছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন