রাজধানীর মিরপুরে একটি অবৈধ বস্তি উচ্ছেদ করাকে কেন্দ্র করে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি একপর্যায়ে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ক্ষুব্ধ বস্তিবাসীদের আকস্মিক হামলার মুখে নিজেদের রক্ষার্থে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত সরে যেতে বাধ্য হন। পুরো ঘটনার একটি ভিডিও ক্লিপ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুরের দিকে মিরপুরের কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাউনিয়াবাঁধ এলাকার অবৈধ স্থাপনা ও বস্তি উচ্ছেদের অংশ হিসেবে দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা সেখানে যান। উচ্ছেদ কার্যক্রম শুরু করার পরপরই স্থানীয় বাসিন্দারা একতাবদ্ধ হয়ে দলগতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হয় এবং ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে।
অবশ্য উচ্ছেদের শিকার বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই বস্তিতে প্রায় ১০ থেকে ১৫ হাজার নিম্ন আয়ের মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। প্রশাসন কোনো ধরনের পূর্ব ঘোষণা, নোটিশ কিংবা তাঁদের পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করেই হঠাৎ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া শুরু করে। আর এ কারণেই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তোলে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, উচ্ছেদ অভিযানের একপর্যায়ে লাঠিসোঁটা হাতে উত্তেজিত একদল লোক পুলিশকে লক্ষ্য করে ধাওয়া করছে। উদ্ভূত পরিস্থিতিতে জানমাল ও নিজেদের নিরাপত্তার স্বার্থে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন