রাজধানীর মিরপুরের কালশী এলাকার বাউনিয়াবাদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে সংস্থাটির ১৫টি ইউনিট একযোগে কাজ করে।
সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। এছাড়া বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশীর বাউনিয়াবাদ বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বাড়লে আরও ১৩টি ইউনিট যোগ করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন