কোরবানির পশুর বর্জ্য সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
রোববার দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের কোরবানির ঈদে ডিএসসিসি এলাকায় মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে, যা পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রারও বেশি।
মো. আব্দুস সালাম বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। তিনি জানান, ১১টি পশুর হাটের বর্জ্য অপসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, হাট পরিচালনার দায়িত্বে থাকা কয়েকজন ইজারাদার চুক্তির শর্ত অনুযায়ী বর্জ্য পরিষ্কারের দায়িত্ব পালন করেননি। ফলে সিটি করপোরেশনকেই সেই কাজ সম্পন্ন করতে হয়েছে।
শর্ত লঙ্ঘনকারী ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক জানান, তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে এবং কালোতালিকাভুক্ত করা হবে। পাশাপাশি আগামী বছর থেকে ইজারার জামানতের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন