প্রশাসক

ডিএসসিসি মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৪:০১ পিএম
ডিএসসিসি মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আবদুস সালাম।

মঙ্গলবার (৯ জুন) নগর ভবনে মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রশাসক বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চালু থাকলে তা সিলগালা করে দেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা অবৈধ স্থাপনাগুলো আলোচনা করে দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নিয়মিত পরিশোধের আহ্বান জানিয়ে বলেন, নিয়ম মেনে ব্যবসা করলে সিটি করপোরেশন সব ধরনের আইনি সহায়তা দেবে। পাশাপাশি বকেয়া কর আদায়েও কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।

এম জি