মাছটির ওজন ৯২ কেজি, বিক্রি হলো ১২৮৮০০ টাকা

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০১:৪৮ পিএম
মাছটির ওজন ৯২ কেজি, বিক্রি হলো ১২৮৮০০ টাকা

নীলফামারী জেলা শহরের কিচেন মার্কেটে ৯২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ বিক্রি হয়েছে, যা খুচরা বাজারে কেজি দরে বিক্রি হয়েছে এক লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

বুধবার (১৪ আগস্ট) সকালে ওই মাছটি ক্রয় করেন জেলা শহরের কিচেন মার্কেটের আল্লাহ্র দান মৎস্য আড়তের মালিক জিয়াউর রহমান জিয়া।

তিনি বলেন, জেলার ডিমলা উপজেলার খালিশাচাপানি ইউনিয়নের বাইশপুকুর এলাকার পাইকার লালচন রায় মাছটি আমার আড়তে নিয়ে আসেন। অনেক দামাদামির পর এক লাখ ২৮ হাজার ৮০০ টাকায় ক্রয় করি। মাছটি কেটে ৯২ ভাগ করা হয়। মাছ বিক্রি করতে শহরের মাইকিং করা হচ্ছে।

ওই উপজেলার পাইকার ও মাছ বিক্রেতা লালচন রায় (৩২) বলেন, গত রাত চারটার দিকে তিস্তা নদীতে মৎস্য শিকারীরা বড়শি দিয়ে মাছটি আটক করে। আমি ৯১ হাজার টাকায় কিনে তা নীলফামারী এনে ৯৪ হাজার টাকায় বিক্রি করি। আমি এতেই খুশি।

এদিকে, মাছটি দেখতে বৃষ্টি উপেক্ষা করে উৎসুক জনতার ঢল নামে। ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

সরেজমিনে কিচেন মার্কেটের আল্লাহ্ দান মৎস্য আড়তে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। ওই ভিড় ঠেলে জেলা শহরে নিউ বাবুপাড়ার বাসিন্দা খতিবর রহমান এক কেজি মাছ কিনেন।

তিনি বলেন, জীবনে অনেক টাকা কামাইছি কিন্ত এত বড় মাছ দেখিনি। তাই শখ করে এক কেজি মাছ কিনলাম। ছেলে মেয়েরা দেখে খুশি হবে।

এআই