ফরিদপুরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে জসীম পল্লী মেলা। প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মেলায় ভিড় করছেন হাজারো দর্শনার্থীরা। শিশুদের বিনোদনের জন্যও রয়েছে নানা ব্যবস্থা। আর জসীম মঞ্চে হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বছর চারেক বন্ধ থাকার পর গত দুই বছর ধরে এ মেলা হওয়ায় খুশি স্থানীয়রা।
গত ১৩ জানুয়ারি থেকে জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নে পল্লিকবি জসীম উদদীনের বাড়ির কাছে কুমার নদের পাড়ে এ মেলা শুরু হয়। জসীম উদ্যানে এই মেলা আয়োজন করেছে জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন। জসীম পল্লী মেলা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর শহরতলীর অম্বিকাপুর গ্রামে পল্লী কবি জসিম উদ্দীনের নিজ বাড়ির পাশে কুমার নদীর পাড়ে ঐতিহ্যবাহী এই মেলা শুরু হয়েছে। পল্লী কবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯১ সাল থেকে এ জায়গায় এ মেলা হয়ে আসছে। শুরুতে ফরিদপুর সাহিত্য পরিষদ মেলা আয়োজন করত। ১৯৯৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে এলে মেলার গুরুত্ব ও তাৎপর্য বেড়ে যায়।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত জসীম ফাউন্ডেশন মেলার দায়িত্ব নেয়। মাঝে গত চার বছর নানা সংকট ও মহামারী করোনা কালীন সময়ে সেই আয়োজনে ভাটা পড়ে এবং মেলাটি বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সাল থেকে আবার শুরু হয় এ মেলা। সে অনুযায়ী গত শনিবার (২১ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-এলাহী (বীর বিক্রম) মেলার উদ্বোধন করেন।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় ও দুর-দুরান্তের নানা বয়সী হাজার হাজার দর্শনার্থীরা মেলায় ভিড় করছেন। মেলায় সার্কাস, মৃত্যুকূপ (মোটর সাইকেল খেলা), নাগরদোলা, চুড়ি-ফিতা, এমিটেনশন, মাটি, বাঁশ, বেতের তৈরি নানা ধরনের জিনিসপত্রসহ প্রায় ২০০টি স্টল বসেছে।
মেলায় গ্রামীণ সংস্কৃতির নানা উপাদান প্রদর্শন ও বিভিন্ন রকমের পণ্য সামগ্রীসহ দেশি খাবার, মটকা চা, ফুচকা, চটপটিসহ নানা ধরনের মিষ্টির দোকান বসেছে। স্টলগুলোতে নানা রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শিশু-কিশোরদের বিনোদনের জন্য রয়েছে সার্কাস ও নাগরদোলাসহ নানা মাধ্যম। বসেছে চারু ও কারুপণ্যের স্টল।

এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলার মাঠ সংলগ্ন জসীম মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে নাচ, গান, কবিতা আবৃত্তি, অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। মেলার পুরোনা রূপ ফিরে পেয়ে সবাই যেন খুশী।
কসমেটিকস ব্যবসায়ী আকবর শেখ বলেন, মেলা শুরুর এক সপ্তাহ আগে এসেছি। শুরুর দিকে কয়েকদিন দর্শনার্থীদের আগমন কম ছিল। এখন প্রতিদিন অসংখ্য মানুষের উপচে পড়া ভিড় জমছে। কেনাবেচাও বেশ ভালো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ ভালো।

দর্শনার্থী ইকবাল মাহমুদ ইমন বলেন, জমে উঠেছে জসিম পল্লী মেলা। প্রায়দিনই মেলায় যাওয়া হয়। গত বারের চেয়ে এবার দর্শনার্থীদের পদচারণা বেশি। প্রতিদিন স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটছে। সার্কাস, মোটর সাইকেল খেলা, নাগরদোলা, চুড়ি-ফিতা, এমিটেনশন, মাটি, বাঁশ, বেতের তৈরি নানা ধরনের জিনিসপত্রসহ প্রায় ২০০টি স্টল বসেছে। ঘুরে ঘুরে দেখা, খাওয়া-দাওয়া ও কেনাকাটা করে বেশ আনন্দ সময় কেটেছে।
দর্শনার্থী মৌসুমি আক্তার বলেন, বান্ধবীদের সাথে মেলা ঘুরে দেখলাম। ফুচকা-চটপটি খেলাম, চুড়ি-ফিতাসহ কসমেটিকস সামগ্রী কিনেছি। বিকেলটা বেশ আনন্দ সময় কেটেছে। দর্শনার্থীদের ভিড়ও প্রচুর। মেলায় এসে ঘুরাফেরা কেনাকাটা ছাড়াও কেউ ছবি, সেলফি তুলছেন।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)লিটন ঢালী বলেন, জসীম উদ্যানে জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। এবারও শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মেলার নিয়মশৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনের দৃষ্টি রয়েছে।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন