ফেনীতে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা: আহত ৩০

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০৮:৫২ পিএম
ফেনীতে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা: আহত ৩০

ফেনী জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে  অভিযোগ পাওয়া গেছে ।

বৃহস্পতিবার (১৮ মে)বিকেল থেকে জেলার বিভিন্ন উপজেলায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুত্বর আহতদের মধ্যে  এ রিপোর্ট লেখা পর্যন্ত পরশুরাম উপজেলা যুবদলের আহবায়ক শাকিল, ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইয়াছির আরাফাত, মোটবি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল, যুবদল নেতা ইয়াসিন, মাসুম, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রিদয় ও ওমরের নাম জানা গেছে ।

আহতদের ফেনী জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার জানান, আগামীকাল ফেনী জেলা বিএনপির জনসভাকে কেন্দ্র করে পুরো জেলাব্যাপী ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। এসময় দুই শতাধিক বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, আগামীকালের জনসভায় তারা ৫০ হাজার নেতা-কর্মীর সমাগম করার প্রস্তুতি নিচ্ছিল । ১০ দফা দাবীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ  হিসেবে আগামীকাল ফেনী জেলা বিএনপির জনসভা নির্ধারণ রয়েছে। তারা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা করতে চাইলেও প্রশাসনের অনুমতি মেলেনি। বাধ্য হয়ে শহরের  ইসলামপুররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ জনসভা করার কথা রয়েছে । জনসভায়  প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকার কথা রয়েছে দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

তিনি আরও জানান, হামলা-মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না। যেকোন মূল্যে তারা আগামীকাল জনসভা করবেন তাঁরা ।

এদিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল্লাহ খন্দকার জানান, বিএনপি  তাদের জনসভা করবে এতে আওয়ামী লীগ কোন হস্তক্ষেপ করবে না। যদি হামলার ঘটনা ঘটে নিশ্চই সেটা তাদের  অভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণে ঘটেছে। কারণ বিএনপিকে বাধা দেয়ার মত আমাদের দলীয় কোন সিদ্ধান্ত নেই।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ জানান, আমরা বিএনপি‍‍`র জনসভার কথা জানি। তবে,কোন হামলার অভিযোগ পাইনি।

আরএস