মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. কবির শেখ (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো. কবির শেখ নড়াইল জেলার সদর থানাধীন দত্তপাড়া গ্রামের মৃত আজিবর শেখের ছেলে।
বুধবার রাত ৯ টার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা সাকিনস্থ নিউ আজম মার্কেটের জনৈক ইয়ামিন মোল্লার কফি হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো. ফারুক হোসেন, এএসআই(নিঃ) আনিসুজ্জামান, এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. কবির শেখকে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে ১৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। নড়াইল পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহা. মেহেদী হাসানেরর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন