চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাড়ির পাশের ইটভাটায় খেলতে গিয়ে পা পিছলে এস্কেভেটরের আঘাতে প্রাইমারি স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার ইসলামপুর নতুন পাড়া কেবিএম-১ নামে ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
রাঙ্গুনিয়া থানার কর্মকর্তা এস আই মো. মাঈন উদ্দিন বলেন, ইসলামপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড নতুনপাড়া এলাকার জালাল আহমেদের তিন ছেলে এক মেয়ের মধ্যে নিহত ইয়াছিন আরাফাত (৮) দ্বিতীয় সন্তান। সে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। পা পিছলে পড়ে গিয়ে এস্কেভেটরের সাথে আঘাত লাগলে পরে স্থানীয় এবং ইটভাটার কর্মচারীরা তাকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সেকান্দার জানান, শিশুটি মাদরাসা থেকে এসে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। তিনি জানান, ইয়াছিন আরাফাত নামে শিশুটি ইটভাটায় স্তূপ করে রাখা মাটির উপরে খেলছিল। দুর্ঘটনাবশত পা পিছলে নিচে পড়ে যায় এতে নিচে থাকা এস্কেভেটরের বাকেটের সাথে আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন