গাজীপুর মহানগরীর পূবাইল হায়দারাবাদ এলাকা থেকে ৯ বোতল বিদেশি মদসহ মো. তালহা আহাম্মেদ রকি (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ আক্কাস মার্কেট জনৈক রাকিব হোসেনের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. তালহা আহাম্মেদ রকি নেত্রকোণা জেলার আটপাড়া থানার দেওশ্রী গ্রামের মৃত তানভীর আহাম্মেদের ছেলে। রকি বর্তমানে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী স্টেশন রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান আমার সংবাদকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মারফত আলী সঙ্গীয় এএসআই মো. জাকিরূল ইসলাম ফোর্সসহ হায়দারাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ তালহা আহাম্মেদ রকি নামের ওই যুবককে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে পূবাইল থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার রকিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন