পটুয়াখালীর দশমিনা উপজেলার দুর্গম চরাঞ্চলের জরুরি ও গর্ভবতীদের পরিবহনের সুবিধার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নৌ এ্যাম্বুলেন্সটি অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে হচ্ছে।
দীর্ঘ ৩ বছরেও নৌ এ্যাম্বুলেন্সটি চরাঞ্চলের কোন জরুরি রোগীকে পরিবহণ করতে পারেনি। চরাঞ্চলের মানুষ জানেন না তাদের জরুরি সেবার জন্য নৌ এ্যাম্বুলেন্স রয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার দাবি নৌ এ্যাম্বুলেন্সটি সচল রাখার চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপির আবেদনে দশমিনা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্য সেবা ও গর্ভবতী মায়েদের পরিবহনে ২০২০ সালের ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসাবে স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক নৌ এ্যাম্বুলেন্স প্রদান করা হয়। অ্যাম্বুলেন্স প্রদানের ৩ বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো কোন চরাঞ্চলের রোগীকে পরিবহণ করতে পারেনি অ্যাম্বুলেন্সটি।
এ বিষয়ে যোগাযোগ বিচ্ছিন্ন চর বোরহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজির আহমেদ সর্দার জানান, চরাঞ্চলের জরুরি রোগী পরিবহনের জন্য প্রধানমন্ত্রী নৌ এ্যাম্বুলেন্স প্রদান করেছেন সেটা আমাদের জানা নেই।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি জানি না জরুরি সেবার জন্য নৌ এ্যাম্বুলেন্স রয়েছে আর ইউনিয়নের জনগণ জানবে কীভাবে।
এ বিষয়ে দশমিনা সদর ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের সদস্য বেল্লাল হোসেন বলেন, আমাদের জানা নেই জরুরি সেবার জন্য দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ এ্যাম্বুলেন্স রয়েছে।
এবিষয়ে দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, অ্যাম্বুলেন্সটি পাওয়ার পর চরাঞ্চলের মানুষকে অবগত করা হয়েছে। তবে তেল খরচ বেশি বলে চরাঞ্চলের মানুষ নৌ-এ্যাম্বুলেন্সের সাহায্য নিচ্ছেন না। তাই নৌ-এ্যাম্বুলেন্সে কোন রোগীকে পরিবহণ করা সম্ভব হচ্ছেনা।
তিনি আরও জানান, স্বাস্থ্য সেবার কাজে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে চরাঞ্চলে যেতে দুই একবার নৌ এ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়েছিল।
এ বিষয়ে পটুয়াখালী-৩ (দশমিন-গলাচিপা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি জানান, এত জনগুরুত্বপূর্ণ একটি নৌ এ্যাম্বুলেন্স কেন ৩বছরেও বেশি সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন