কাপাসিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৬:১৯ পিএম
কাপাসিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশ পিটিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি ছিনিয়ে অভিযোগে টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ জলিলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে থান পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার বিকালে কাপাসিয়ার উজলী দিঘিরপাড় বাজার ইজারা না নিয়ে অবৈধভাবে ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গরুর হাট বসিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পরে হাটের অবৈধ ইজারাদারকে হাট সরিয়ে নিতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ইউপি চেয়ারম্যানের ভাই আব্দুল জব্বারের ছেলে বাজার ইজারাদার আমান উল্লাহকে ভ্রাম্যমাণ আদালত এক মসের কারাদণ্ড প্রদান করেন।

পরে পুলিশ তাদেরকে হেফাজতে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় ইউপি চেয়ারম্যান এমএ জলিলের নেতৃত্বে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী পুলিশের কাছ থেকে আমান উল্লাহকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে মারধর করে বলে অভিযোগ উঠে।  

এ ঘটনায় বুধবার রাতে লাঞ্ছিত করার ও সরকারি কাজে বাধা প্রদান ঘটনায় টোক তদন্ত কেন্দ্রের এএসআই লুৎফুল রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের নামে মামলা করেন।

বৃহস্পতিবার ভোরে দায়ের হওয়া সেই মামলায় ইউপি চেয়ারম্যান এমএ জলিলসহ ফাইজ উদ্দিনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই ঘটনায় জলিল চেয়ারম্যানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়েছিলেন কাপাসিয়ার উজলী দিঘিরপাড় বাজারে। সেখানে এক আসামিকে সাজা দেয় ভ্র্যাম্যমান আদালতের বিচারক। সেই সাজাপ্রাপ্ত আসামি নিয়ে আসার প্রাক্কালে সেখানে এই আসামিরাসহ অজ্ঞাতনামা আসামিরা তাদের মারপিট করে, সরকারি কাজে বাধা দিয়েছে এবং আসামি ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ  চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

ইএইচ