দিনাজপুরের কাহারোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অফিসে দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অফিসটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
জানা গেছে, দিনাজপুরের কাহারোলে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। গত ৫ আগস্ট এই লুটপাটের ঘটনা ঘটে।
গত ১১ আগস্ট কাহারোলে উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অফিস পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সারোয়ার মুর্শেদ, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তারা।
দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অফিসের ৮টি রুমে তাণ্ডব চালায়। চেয়ার টেবিল, গ্লাস, কম্পিউটার, হার্ডডিস্ক, প্রিন্টার, আইপিএস, ফ্যানসহ সমস্ত দামি মালামাল এবং আলমারিতে রক্ষিত ৩ লাখ ৪৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এতে সর্বমোট ক্ষতি হয়েছে প্রায় ৮ লাখ ৩৭ হাজার টাকা।
ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাহাবুবুর রহমান ও সেক্রেটারি রুস্তম আলী জানান, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন