রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সকালে নিহত মমিন পাটোয়ারীর ভাতিজা মুনতাকিম পাটোয়ারী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ পোস্ট দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, মমিন পাটোয়ারী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, এম এ মমিন পাটোয়ারী গত ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি হামলার শিকার হন। এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার সূত্র জানায়, মমিন পাটোয়ারীর সংসারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। তিনি ডায়াবেটিক ও হৃদরোগেও আক্রান্ত ছিলেন। তার মরদেহ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন