পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
চিংড়ি ঘেরের পানিতে ডুবে কক্সবাজারের পেকুয়ায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন- সিরাদিয়া এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে আবু বক্কর (৬) ও নজরুল ইসলামের ছেলে নাজেম উদ্দিন (৫)। সম্পর্কে তারা আপন চাচাতো-জেঠাতো ভাই।
নিহতের স্বজন এম. আযম খান বলেন, বিকালে নিহতের বাড়িতে লোকজন জড়ো হয়। তারা বাচ্চাদের খুঁজতে থাকে। আমিও সেখানে যাই। খোঁজাখুঁজির এক পর্যায়ে নাজেম উদ্দিনকে বাড়ির পাশে চিংড়ি ঘেরের পানিতে ভাসতে দেখি। অপরজনকে পানির নীচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করি।
ইউপি সদস্য মো. মানিক দুভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন