মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় মো. আজিজ হাওলাদার (৬০) নামে এক সুদ কারবারির লাশ উদ্ধার করছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত- আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় ও স্বজনরা জানান, মো. আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান এবং দৈনিক সুদের কারবার করতেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকালে চায়ের দোকান খুলেন। তিনি রাত ১০ পর দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
এ সময় পুলিশ মো. আজিজ হাওলাদারের ডাসার কাঁঠালতলা বাজারের দোকানে একাধিক স্টাম্প ও অনেকের নাম ও টাকার অঙ্ক লিখিত রেজিস্ট্রি খাতা উদ্ধার করেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, আমরা সংবাদ পেয়ে ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মো. আজিজ হাওলাদারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল শেষে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন