নড়াইলের কালিয়া উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে।
বৃহস্পতিবার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাশটির পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম খালিদ মোল্যা (২৩)। তিনি উপজেলার বেন্দারচর গ্রামের হোসেন মোল্যার ছেলে।
নড়াগাতি থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, নিহত খালিদ মোল্যা পেশায় অটোভ্যান চালক ছিলেন।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি অটোভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরের দিন শুক্রবার তার বাবা হোসেন মোল্যা কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। এখনও অটোভ্যানটি উদ্ধার করা যায়নি। নিহতের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পহরাডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে মরদেহটি উদ্ধার করে নড়াগাতি থানা পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন