নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল বাকপ্রতিবন্ধী নারীর হাত-পা বেঁধে এবং শিশুদের গলায় ছুরি ও রাইফেল ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়।
সোমবার ভোর রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোলাম মাওলা লন্ডনি বাড়ি এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজী ওলি মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গোলাম মাওলা লন্ডনি বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বাকপ্রতিবন্ধী নারীসহ পরিবারের সব সদস্যের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ভরি স্বর্ণালঙ্কার (চেইন, কানের দুল, আংটি) ও নগদ ১৫ হাজার টাকা লুট করে নেয়।
অপরদিকে, একই রাতে প্রায় সাড়ে ৩টায় একই কায়দায় ডাকাতদল হাজী ওলি মাঝি বাড়িতে হানা দেয়। সেখানে নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, উভয় বাড়িতে ডাকাতির ঘটনায় একই ডাকাত চক্র জড়িত।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন