টাঙ্গাইলের মধুপুরে মাদকসেবন ও বিক্রয়ের দায়ে জুয়েল (২৫) নামে এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত জুয়েল মধুপুর পৌরসভার কলেজপাড়া এলাকার মোস্তফার ছেলে।
জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে মধুপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
অভিযানে মধুপুর থানা পুলিশের সহায়তায় কুখ্যাত মাদকসেবী ও বিক্রেতা জুয়েলকে আটক করে আদালতের মাধ্যমে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, “হাত বাড়ালেই মাদক এখন দেশের আনাচে-কানাচে পাওয়া যাচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত তরুণ প্রজন্ম মাদকের ছোবলে বিপর্যস্ত। মধুপুরকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন