অভয়নগরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৪:০২ পিএম
অভয়নগরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

যশোরের অভয়নগর উপজেলায় লিমন শেখ (২৫) নামে এক যুবককে হত্যা করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের বিলপাড়া এলাকা থেকে নাসির ফারাজীর বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ভ্যানচালক লিমন শেখ উপজেলার বুইকারা গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তিনি একই গ্রামের আব্দুর রহিম আকুঞ্জীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

নিহতের মেজো ভাই লিখন শেখ বলেন, “সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় লিমন। মধ্যরাতে বাড়ি ফিরে না আসায় তার মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে জানতে পারি শংকরপাশা গ্রামের বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগানে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখেছি, লাশটি আমার ভাই লিমনের। কে বা কারা তাকে হত্যা করে ভ্যান নিয়ে গেছে। আমার অসুস্থ ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি করছি।”

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভ্যান চুরির উদ্দেশ্য নিয়ে চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং লাশ বাগানের একটি মরা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ইএইচ