গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের ওপর গুম, খুন, মামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সাদুল্লাপুর উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসির আওতায় আনা প্রয়োজন। একইসঙ্গে সাংবাদিকদের কাজের জন্য অনুকূল পরিবেশ তৈরি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
সাংবাদিক সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে এবং আহসান হাবীব নাহিদের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছামছুল হাসান ছামছুল, জেলা তাঁতী দলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা সুজন সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, উপজেলা ভূমিহীন সমিতির নেতা কামরুল ইসলাম।
এছাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক আবু হাসানুল হুদা রাশেদ, সাদুল্লাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি শাহজাহান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, সাংবাদিক মোহাম্মদ আনোয়ার, শেখ নাছির আহমেদ নাইচ, কাজী আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে সাংবাদিকদের দাবি ও ন্যায্যতার প্রতি সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন