নওগাঁর মান্দায় ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজক ডা. ইকরামুল বারী টিপু বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। আগামীতে তারা আরও ভালো করবে। দেশ ও জাতির জন্য অবদান রাখবে—এই প্রত্যাশা করছি।”
বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ছোটমুল্লুক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম, বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, কলেজ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হক, কলেজ শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি অধ্যাপক মহসিন আলী, বাশিস মান্দা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাষ্টার এনামুল হক, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি এরফান আলী মিয়া, প্রধান শিক্ষক আনিছার রহমান, অভিভাবক সাহের আলী এবং কৃতি শিক্ষার্থী মিশকাত শাকিরা, রাজিয়া সুলতানা ও আব্দুল্লাহ।
বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবে। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য তাদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন