বোয়ালখালীতে মদ ও ইয়াবা সেবনের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৬:৪৬ পিএম
বোয়ালখালীতে মদ ও ইয়াবা সেবনের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াবা সেবন ও মদপানের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও জরিমানা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়খালী ও শাকপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, ইয়াবা সেবন ও সংরক্ষণের দায়ে শওকত ইসলাম জিকুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। আর মদপানের দায়ে যীশু দে ও সৈকত বিশ্বাসকে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। 

অভিযানের সময় উদ্ধারকৃত ইয়াবা ও চোলাই মদ সকলের সামনে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এ.কে.এম. আজাদ উদ্দিনের নেতৃত্বে একটি দল।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক কারবারি ও সেবনকারীরা দেশ ও জাতির শত্রু। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ