উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে বৈদ্যুতিক ক্যাবল চুরি

জাহিদ খন্দকার, গাইবান্ধা প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৪:০৭ পিএম
উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে বৈদ্যুতিক ক্যাবল চুরি

গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে ৯৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের দ্বিতীয় রাতেই ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি হওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।

সেতুর উদ্বোধনের পর শুক্রবার ভোরে স্থানীয়রা লাইট বন্ধ থাকা অবস্থার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলে বিষয়টি জনসাধারণ ও প্রশাসনের নজরে আসে। 

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী জানান, উদ্বোধনের পরদিন রাতেই দুর্বৃত্তরা ল্যাম্পপোস্টের একাধিক বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে।

স্থানীয় কলেজ ছাত্র আব্দুল মালেক বলেন, ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি হওয়ায় বৃহস্পতিবার রাতেই সেতুটি অন্ধকারে ডুবে যায়, ফলে রাতে চলাচল অনিরাপদ হয়ে উঠেছে। পথচারী কলিম উদ্দিন জানান, দ্রুত বিদ্যুৎ সংযোগ না দিলে চুরি ও দুর্ঘটনার সম্ভাবনা থাকবে।

সমাজকর্মী রাফিকুল ইসলাম বলেন, “সেতুর লাইনম্যানরাই জানতেন কোথায় গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ছকেট রয়েছে। পরিকল্পিতভাবে তারা চুরি করেছে।” স্থানীয়রা দ্রুত নতুন বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি ভবিষ্যতে চুরি বা নাশকতা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উজ্জল চৌধুরী বলেন, “দুষ্কৃতিকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত নতুন বৈদ্যুতিক সংযোগের কাজ শুরু করা হবে। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়া হবে।”

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, “সেতুর শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ সদস্য রাখা হচ্ছে এবং অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। স্থায়ী পুলিশ ক্যাম্পের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।”

উল্লেখ্য, গত ২০ আগস্ট স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুর ফলক ও ম্যুরাল উন্মোচন করে সেতুটি উদ্বোধন করেন। সেতু দুটি পাড়ের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহন সহজ করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

ইএইচ