লোহাগাড়ায় ফেনসিডিলসহ পুলিশের ৩ সোর্স আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:৫২ পিএম
লোহাগাড়ায় ফেনসিডিলসহ পুলিশের ৩ সোর্স আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্সকে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় তাদের আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। পরে শুক্রবার সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন— উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকার রমিজ উদ্দিন (৩৫), উপজেলা সদরের নাজিম উদ্দিন (৪৫) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরের তাজুল ইসলাম (৪৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে ছাত্র-জনতা চুনতি বাজারে অবস্থান নেয় এবং মাদক পাচারের সময় তাদের গাড়িসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের ক্যাম্পে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে রাতে থানায় সোপর্দ করেন।

এদিকে, আটক হওয়ার পর পুলিশের সোর্স রমিজ স্থানীয়দের জানায়, লোহাগাড়া থানায় কর্মরত এসআই কামাল তাদের ফেনসিডিল দিয়েছিলেন এবং পাশের লামা উপজেলার আজিজনগরে পৌঁছে দিতে বলেছিলেন। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে এসআই মো. কামাল হোসেন বলেন, “এ ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।”

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় এক পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বিষয়টি বিভাগীয় তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ