পৌর শ্রমিক দলের বিতর্কিত কমিটি অনুমোদন: বাঘাইছড়িতে সংবাদ সম্মেলন

বাঘাইছড়ি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:২০ পিএম
পৌর শ্রমিক দলের বিতর্কিত কমিটি অনুমোদন: বাঘাইছড়িতে সংবাদ সম্মেলন

রাঙামাটির বাঘাইছড়িতে পৌর শ্রমিক দলের নবগঠিত কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. মনির হোসেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বাঘাইছড়ি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সভাপতি প্রার্থী মো. গোলাম মোস্তফা। 

এ সময় উপস্থিত ছিলেন- বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর বিএনপির সহ-সভাপতি কাজী মোস্তফা, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান, সাধারণ সম্পাদক প্রার্থী মো. মনির হোসেন এবং পৌর কৃষক দলের সভাপতি মো. ইব্রাহীম।

লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা, সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আতাউর রহমান ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সুপারিশক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত তালিকা তিনি নিজ হাতে জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেন।

তবে পরে জেলা সভাপতি তাকে জানালেও, কমিটি অনুমোদনের আগে যাচাই-বাছাই করা হবে—অবশেষে কোনো প্রকার তদন্ত ছাড়াই পূর্বে বহিষ্কৃত ও বিতর্কিত ব্যক্তি মো. ইউসুফকে সভাপতি করে একটি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে তিনি "অনৈতিক ও অগ্রহণযোগ্য" বলে আখ্যা দেন। এ ঘটনায় কেন্দ্রীয় শ্রমিক দলের হস্তক্ষেপ কামনা করে তিনি বিতর্কিত কমিটি বাতিল করে সর্বমহল গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানান।

একই অভিযোগ করেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মোস্তফা। 

তিনি বলেন, পৌর বিএনপির সুপারিশকৃত কমিটিকে পাশ কাটিয়ে অন্য কমিটি অনুমোদনের কারণে এলাকায় বিভ্রান্তি ও বিরোধ তৈরি হয়েছে। দ্রুত এ সমস্যার অবসান চান তিনি।

রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আতাউর রহমান বলেন, ১৬ জুলাই পৌর বিএনপির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে গোলাম মোস্তফাকে সভাপতি করে একটি প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছিল। পরে তা জেলা শ্রমিক দলের কাছে পাঠানো হলেও, অনুমোদন দেওয়া হয়েছে অন্য কমিটিকে। এতে বাঘাইছড়ির বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাই সুপারিশকৃত কমিটিই অনুমোদন করা জরুরি বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট ৬১ সদস্য বিশিষ্ট বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের একটি কমিটি অনুমোদনের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও, অনুমোদন সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক কপি বা প্যাড পাওয়া যায়নি বলে দাবি করেছেন গোলাম মোস্তফা।

ইএইচ