পঞ্চগড় জেলার সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে জাবেদ উমর জয় ও তার বন্ধুরা প্রতিবাদ জানালে তাদের সঙ্গে আসামিদের বিরোধ তৈরি হয়। ওই ঘটনার জের ধরে গত ৬ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটে আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে জাবেদকে সদর থানাধীন সিনেমা হল মার্কেটের সামনে ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং কৌশলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় জাবেদকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে আলোচিত হয়।
এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট রাত ৯টা ৩০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং সিপিসি-১, দিনাজপুরের যৌথ অভিযানে দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন বড় মাঠ এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় এজাহারনামীয় আসামি—মো. নূর রাব্বী (২৬), মো. আবু তালেব (২৫), মো. কামাল হোসেন (৪০) সকলেই পঞ্চগড় সদর উপজেলার নতুনবস্তী এলাকার বাসিন্দা— তাদের গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন