রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধকোটি টাকার বুলডোজার

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৩:০৪ পিএম
রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধকোটি টাকার বুলডোজার

যশোরের অভয়নগরে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে নওয়াপাড়া পৌরসভার অর্ধকোটি টাকার একটি বুলডোজার (ক্রলার মেশিন)। 

দীর্ঘদিন ধরে যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট এলাকায় খোলা আকাশের নিচে পড়ে থাকায় এর মূল্যবান যন্ত্রাংশ চুরি হচ্ছে। পৌর ভবনে সংরক্ষণের জায়গা না থাকায় বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম। তবে কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন এলাকাবাসী।

মেসার্স নূর জাহান ফিলিং স্টেশনের ম্যানেজার শফিউল ইসলাম বলেন, “এক বছরেরও বেশি সময় ধরে নওয়াপাড়া পৌরসভার টিএস১৬০-৩ মডেলের বুলডোজারটি আমাদের স্টেশনের এক পাশে পড়ে আছে। যন্ত্রাংশ চুরি হলে দায়ভার নেবে কে? দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এভাবে অবহেলায় ফেলে রেখে পৌরসভার সম্পদ নষ্ট করা হচ্ছে। কেন বা কার স্বার্থে এতদিন ধরে বুলডোজারটি ফেলে রাখা হয়েছে তা খতিয়ে দেখার জন্য পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত দাবি করেছেন তারা।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম জানান, একটি বিদেশি সংস্থার কাছ থেকে বুলডোজারটি কেনা হয়েছিল। পরে পদ্মা সেতু নির্মাণকাজে ভাড়া দেওয়া হয়। কাজ শেষে পৌর ভবনের ভেতরে জায়গা না থাকায় রাজঘাটে রাখা হয়েছে।

এ বিষয়ে নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, “রাজঘাটে রাখা বুলডোজারটি দ্রুত পৌর ভবনের আশপাশে সরিয়ে আনা হবে। একই সঙ্গে এর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে।”

ইএইচ