ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোহাম্মদ আলম নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। প্রশাসন বুধবার সন্ধ্যায় ওই প্রধান শিক্ষকের কাছ থেকে ৯০ কেজি সরকারি বই জব্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের সামনে একটি ডিমের দোকানে বই বিক্রির সময় স্থানীয়রা ও সাংবাদিকরা সন্দেহ প্রকাশ করেন। পরে দ্রুত শিক্ষা অফিসে খবর দিলে বইগুলো জব্দ করা হয়।
অভিভাবকরা এ ঘটনার বিষয়ে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বই ক্রেতা ভ্যানচালক সন্তোষ কুমার রায় বুধবার সকালে বিপিবি উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক মোহাম্মদ আলমের কাছ থেকে ৪৭৪ কেজি পুরাতন এবং নতুন বই কিনেন। তার মধ্যে ৩৮৪ কেজি বই ইতিমধ্যে বিক্রি করা হয়েছে। বাকি ৯০ কেজি বই বিক্রি করার সময় তা আটক করা হয়।
বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম মুঠোফোনে বলেন, “বইগুলো পুরাতন বছরের, তাই বিক্রি করা হয়েছে। বিক্রির সময় আমি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না।”
পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জানান, “বইগুলো উদ্ধার করা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, “নতুন বই বিক্রির কোনো নিয়ম নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন