যশোরের চৌগাছায় খরিপ-২ মৌসুমে মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ. জেড. এম. উবাইদুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা ইমদাদুল হকসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৮০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, “এই প্রণোদনার ফলে মাষকলাই চাষে কৃষকরা আরও উৎসাহিত হবেন। যারা নিয়মিত মাষকলাই চাষ করেন কেবলমাত্র তারাই এ সুবিধার আওতায় আনা হয়েছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন