ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কবির হোসেন নামে তিন সন্তানের জনককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
রোববার সকাল ৮টার দিকে নান্দাইল রোড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার জন্য বাজারে ইজিবাইকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল ছাত্রীটি। এ সময় বাজারে লোকজন কম থাকায় অভিযুক্ত কবির হোসেন তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের চেষ্টা চালায়।
ঘটনাটি স্থানীয় মাইক সার্ভিসকর্মী আমিন শেখ দেখে ফেলেন। পরে তিনি ব্যবসায়ী ইব্রাহিম মিয়াকে বিষয়টি জানান। দুজন মিলে দ্রুত ছাত্রীটিকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে বিদ্যালয়ের পাশে খুঁটিতে বেঁধে রাখেন। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযুক্ত কবির হোসেন চন্ডিপাশা ইউনিয়নের পূর্ব বাঁশহাটি গ্রামের আব্বাস আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আটক হওয়ার পর নিজেকে ছাড়িয়ে নিতে তিনি স্থানীয়দের কাছে দুই হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা খাদিজা আক্তার নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার পর স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক বলেন, “ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। তবে ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দিয়েছে।”
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, “ঘটনার সত্যতা পেয়েছি। ভুক্তভোগীর মা অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন