নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন সার বিক্রির দায়ে ছয় দোকান মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার জঙ্গা শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।
ইউএনও মাসুদ রানা বলেন, “অনেক খুচরা ব্যবসায়ী অনুমোদনবিহীন ও লাইসেন্সবিহীন সার বিক্রি করছে—এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ছয়টি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ৭০ বস্তা সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।”
অভিযানকালে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো. সোহেল রানা। এছাড়াও রায়পুরা থানা পুলিশ, সাংবাদিক ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন