যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নে কপোতাক্ষ নদের পাড় কেটে অবৈধভাবে মাটি অপসারণের দায়ে ইসাহক আলী (৬৫) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ইসাহক আলী পৌরসভার তার্নিবাস গ্রামের শহর আলীর ছেলে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নদীর পাড় কেটে পানির লেভেলের সমান করছিলেন। এতে স্থানীয়দের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন- স্বরূপদাহ ইউনিয়ন নায়েব গোলাম রসুল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় জনসাধারণ।
স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় কেটে মাটি বিক্রি করে কিছু ব্যক্তি অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন, যা নিয়মিত বন্যা ও নদী ক্ষয়ের ঝুঁকি বাড়াচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় এ অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন