উন্নয়ন বঞ্চিত সাড়ে পাঁচশ’ বছরের পুরোনো রূপ-সনাতন ধাম

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০২:৪৫ পিএম
উন্নয়ন বঞ্চিত সাড়ে পাঁচশ’ বছরের পুরোনো রূপ-সনাতন ধাম

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে অবস্থিত ৫৫৪ বছরের পুরোনো রূপ-সনাতন ধাম এখনও উন্নয়ন বঞ্চিত।

সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধনার কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এ ধর্মীয় প্রতিষ্ঠানটি এখনো কোনো সরকারি অনুদান বা উন্নয়ন সহায়তা পায়নি।

ষোড়শ শতকের ষোড় গোস্বামীর প্রধান মহাপুরুষ রূপ ও সনাতন গোস্বামী তাঁদের সাধনার উদ্দেশ্যে এই ধাম প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই এখানে নিয়মিত ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাধনা চলে আসছে। প্রতিবছর দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী এখানে এসে পূজা-অর্চনা ও প্রার্থনায় অংশ নেন।

স্থানীয়দের দাবি, সরকারি উদ্যোগ ছাড়া এই ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব নয়। ধামের অবকাঠামোগত উন্নয়ন ও দর্শনার্থীদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

স্থানীয় ভক্ত স্বপন কুণ্ডু জানান, যশোর-খুলনা মহাসড়ক থেকে ধামে প্রবেশের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি জলমগ্ন হয়ে যায়। এছাড়া বিশ্রামাগার, গোসলখানা ও শৌচাগারের অভাবে দর্শনার্থীরা ভোগান্তিতে পড়েন।

রূপ-সনাতন ধামের প্রধান সেবায়েত তাপস বাবাজী বলেন, “রূপ-সনাতন ধামটি ৫৫৪ বছর পুরোনো। প্রতিষ্ঠার প্রায় ৩০ বছর পর ভক্তদের সহায়তায় একটি নাটমন্দির নির্মিত হয়েছিল। এরপর থেকে আর কোনো বড় ধরনের উন্নয়ন হয়নি। ভক্তদের ভক্তি ও আচার-অনুষ্ঠানে ধাম প্রাণবন্ত হলেও অবকাঠামোগত সংকটে দিন দিন ভঙ্গুর হয়ে পড়ছে।”

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, “রূপ-সনাতন ধাম একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। স্থানীয়দের দাবির বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”

ইএইচ