নীলফামারীর উত্তরা ইপিজেডে রণক্ষেত্র

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকের ওপর গুলিতে নিহত ১, আহত অর্ধশত

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৫:৩৫ পিএম
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকের ওপর গুলিতে নিহত ১, আহত অর্ধশত

নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডে দুই মাসের বেতন বকেয়া থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শুধু বেতন বন্ধই করা হয়নি, বরং কিছু শ্রমিককে চাকরি থেকে ছাঁটাইও করা হয়। এতে শ্রমিকরা কোম্পানির বিরুদ্ধে আন্দোলনে নামেন।

কিন্তু ২ সেপ্টেম্বর কোম্পানি বন্ধ ঘোষণা করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে এবং মঙ্গলবার সকালে তা সহিংসতায় রূপ নেয়। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সংগলশী ইউনিয়নের মাছিরচাক গ্রামের হাবিবুর রহমান হাবিব নিহত হন। 

এ ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত শাহিন (২৫) সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলীপাড়া গ্রামের বাসিন্দা; তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের বাবা দুলাল হোসেন বলেন, “আমার ছেলে অন্য কোম্পানিতে চাকরি করত। আন্দোলনে ছিল না। তবুও কেন তাকে হত্যা করা হলো, আমি এর বিচার চাই।”

শ্রমিকরা অভিযোগ করেছেন, কোম্পানির কর্তৃপক্ষের গাফিলতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

একাধিক শ্রমিক নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে জানান, “আমরা শান্তিপূর্ণভাবে শনিবার থেকে আন্দোলন করছি। কোম্পানি আমাদের দাবী না মেনে উল্টো অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে। পুলিশ ও সেনাবাহিনী এসে লাটিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়ে আমাদের উপর গুলি চালায়। একজন শ্রমিককে ডিউটি থেকে বাড়ি ফেরার পথে হত্যা করা সম্পূর্ণ ন্যায়বিরোধী।”

নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক ফারহান তানভীর ইসলাম জানিয়েছেন, সকালে ছয়জন আহত শ্রমিক হাসপাতালে আনা হয়, তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন— সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের শাহিন (২৫), নীলফামারী সদরের মোমিনুর (২৪), মোস্তাক (৩০), নুর আলম বিপ্লব (৩৪), যাদুর হাট এলাকার লিপি আক্তার (২৪), ইটাখোলার জামিলা খাতুন (৩০), সদর পুরাতন স্টেশন এলাকার গোলাম রব্বানী (২৪) ও টুপামারি শাহপাড়ার গীতা রানী (২৩)।

তাদের মধ্যে অনেকেই নীলফামারী, সৈয়দপুর এবং রংপুরে চিকিৎসাধীন।

উত্তরা ইপিজেড নীলফামারীর বেপজা নির্বাহী পরিচালক আব্দুল জব্বার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, নিহত ও আহত শ্রমিকদের পূর্ণ সহযোগিতা করা হবে।

ইএইচ