গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ছোট কয়ের গ্রামে অবস্থিত একটি সাধারণ ব্রিজ এখন পরিণত হয়েছে মানুষের প্রিয় বিনোদনকেন্দ্রে।
চারপাশে বেলাই বিলের বিস্তীর্ণ জলরাশি, মাঝখানে আঁকাবাঁকা রাস্তা এবং আকাশের মেঘের খেলা—সব মিলিয়ে ‘খাতিয়া ব্রিজ’ প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য গন্তব্য হয়ে উঠেছে।
যদিও সেতুটি ছোট কয়ের গ্রামে নির্মিত, তবে পাশের খাতিয়া গ্রামে যাওয়ার পথে পড়ায় স্থানীয়রা একে “খাতিয়া ব্রিজ” নামে চেনে। একসময় এটি ছিল কাঁচা মেঠোপথ, পরে ইট বিছানো হলেও তেমন জনপ্রিয়তা পায়নি। কিন্তু রাস্তা পাকাকরণের পর থেকে চিত্র বদলে গেছে। গত এক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে দ্রুত এর খ্যাতি ছড়িয়ে পড়ে।
বর্ষাকালে চারপাশের বিলে পানি ভরে গেলে দৃশ্যপট আরও মোহনীয় হয়ে ওঠে। শুক্রবার ও শনিবার ছুটির দিনে এখানে দুই থেকে পাঁচ হাজার দর্শনার্থী ভিড় করেন। এতে অনেক সময় যানজটও সৃষ্টি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, রাজধানী ঢাকা ছাড়াও টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জসহ আশপাশের জেলা থেকে পর্যটকরা খাতিয়া ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন। তবে দর্শনার্থীর সংখ্যা বেড়েও এখনো এখানে নেই কোনো বিশ্রামাগার, পাবলিক টয়লেট বা নিরাপত্তার যথাযথ ব্যবস্থা।
এ বিষয়ে বাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মাসুম মোল্লা বলেন, “খোলামেলা প্রকৃতির মোহে ভরপুর এ জায়গাটি আগে তেমন পরিচিত ছিল না। রাস্তা পাকাকরণের পর থেকে দূর-দূরান্তের মানুষ আসতে শুরু করেছে। অনেকেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে এটি ভাইরাল হয়ে ওঠে। যেহেতু এলাকাটি আমার ওয়ার্ডে পড়েছে, তাই এখানে ভ্রমণকারীদের নিরাপত্তা ও সেবায় প্রশাসনের বিশেষ নজর দেওয়া জরুরি।”
সচেতন মহল মনে করছেন, খাতিয়া ব্রিজকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে ন্যূনতম অবকাঠামো উন্নয়ন জরুরি। নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, বিশ্রামাগার ও স্যানিটেশন সুবিধা যোগ করলে এটি শুধু গাজীপুর নয়, ঢাকা ও আশপাশের মানুষের জন্যও আকর্ষণীয় ভ্রমণস্থল হয়ে উঠতে পারে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন