নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কাঁচপুর বেসিক পুরান বাজার এলাকায় শেখ ফরিদের তিনতলা ভবনের নিচ তলায় ঘটে।
দগ্ধরা হলেন— মানব চৌধুরী, তার স্ত্রী বাচা চৌধুরী এবং তাদের তিন মেয়ে—মুন্নি, তিন্নি ও মৌরি।
পরিবারটি নিচতলায় ভাড়া বাসায় বসবাস করছিল। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সময় একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ আগুন নেভায় এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন