কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীকে লাথি মারার অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে।
ঘটনার তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ-এ চিকিৎসা নিতে আসা মো. মহসিন মিয়া নামে এক হৃদরোগীকে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুল আলম মিলনের শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে ৩ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগীর ছেলে মো. শোলক মিয়া লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ নূরুজ্জামানকে।
সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. আবুল হোসেন, এবং সদস্য-সচিব হিসেবে আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. মো. আবেদুর রহমান ভূঞা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান জানান, তদন্ত প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন