টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা চরাঞ্চলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবারসহ ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার জেলা প্রশাসনের উদ্যোগে অর্জুনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল বাসুদেবকোল ফকির মাঈন উদ্দীন উচ্চ বিদ্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের নেতৃত্বে ২৪০টি পরিবারকে শুকনা খাবার এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, অর্জুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদসহ অন্যান্য সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাজিব হোসেন বলেন, “আমি এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মাত্র কয়েকদিন আগে যোগদান করেছি। অর্জুনা ইউনিয়নকে ভাঙন কবলিত ইউনিয়ন বলা যায়। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ও ভাঙন কবলিত ২৪০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এটি সামান্য হলেও আমরা ধাপে ধাপে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাবো।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন