সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
বলেন, “জীবনের শেষ প্রান্তে এসে আবারও আপনাদের পাশে থাকতে চাই। এবারই জীবনের শেষ নির্বাচন। সবাই মিলে প্রস্তুতি নিন।”
বুধবার দিরাই থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বর্ষীয়ান এই রাজনীতিক এ কথা বলেন।
সমাবেশে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহ উপস্থিত হন।
নাছির চৌধুরী আরও বলেন, “দিরাই-শাল্লার মানুষ আমাকে অনেক ভালোবাসে। আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আপনার জন্য কাজ করে যাব। এক সময় আমাকে উপজেলা চেয়ারম্যান করেছেন, একবার এমপি বানিয়েছেন, আমি কখনো নিজের জন্য কিছু করিনি। আজও যখন চিকিৎসাধীন, তখনও আপনারা পাশে আছেন।”
তিনি সমাবেশে নেতাকর্মীদের আহ্বান জানান, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করতে। তিনি বলেন, “সবাই মিলে দিরাই-শাল্লা আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুনরায় বিজয়ী করতে চাই।”
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এম.আর. মিজান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সদস্য আব্দাই মিয়া, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মাসুক মিয়া, ফারুক সর্দার, কয়সর ইসলাম, সাব্বির মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল তালুকদার, পৌর কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা দিরাই-শাল্লা আসনে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরীকে প্রার্থী করার আহ্বান জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন