চসিক মেয়র ডা. শাহাদাত

১০ লাখ গাছ লাগিয়ে গ্রীন চট্টগ্রাম গড়বো

আজিজুল হক, চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:৩৪ পিএম
১০ লাখ গাছ লাগিয়ে গ্রীন চট্টগ্রাম গড়বো

সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর নগরী গড়ে তুলতে হলে এখন থেকেই সবাইকে বৃক্ষরোপণে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সামনে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা হস্তান্তর কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্তৃক মেয়রের নিকট ১ হাজার চারা গাছ হস্তান্তর করা হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন দিয়ে ও কার্বন-ডাই অক্সাইড শোষণ করে গাছ আমাদের বেঁচে থাকার পথ সহজ করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ। যতদিন গাছ বেঁচে থাকবে, ততদিন আমলনামায় সওয়াব লেখা হবে। একসময় বাংলাদেশ বনভূমি ও সবুজ গাছে ভরপুর ছিল, কিন্তু অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে। তাই সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিতে হবে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম একটি ঘনবসতিপূর্ণ নগরী। এখানে প্রতিনিয়ত দূষণ বেড়ে চলেছে। সেই দূষণ রোধে সবচেয়ে বড় শক্তি হলো গাছ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আমি চাই, নগরবাসীও নিজ নিজ জায়গায় অন্তত একটি করে গাছ লাগান। আমরা ১০ লাখ গাছ লাগিয়ে গ্রীন চট্টগ্রাম গড়ে তুলবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক আমার দেশ পত্রিকার আঞ্চলিক প্রধান ও আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, আইপিপি লায়ন বাবুল কান্তি লালা, সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, লায়ন আলহাজ নুরুল আলম, লায়ন সিলবাস্টার বার্নাডেট, ইসমাইল চৌধুরীসহ লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাংয়ের নেতৃবৃন্দ।

ইএইচ