চট্টগ্রামের কর্ণফুলীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা ও দুপুর ১টায় দুই পর্বে কর্ণফুলী উপজেলা পরিষদের হলরুমে এই সভা আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন। সভায় সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসিন ও ডা. মোস্তফা।
সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা কেয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
সভায় ডা. জেবুন্নেসা কেয়া বলেন, আগামী ১২ অক্টোবর থেকে এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই সময়ের মধ্যে মোট ১৮ দিন টিকা দেওয়া হবে—প্রথম ১০ দিন বিদ্যালয়ে এবং পরবর্তী ৮ দিন ইপিআই কেন্দ্রগুলোতে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন ধর, উপজেলা স্বাস্থ্যকর্মী আলী আকবর, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরীসহ উপজেলার পাঁচ ইউনিয়নের সরকারি-বেসরকারি ও কেজি স্কুলের প্রধান শিক্ষক, ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিধি ও কমিউনিটি লিডাররা।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা অত্যন্ত জরুরি। এ কর্মসূচির মাধ্যমে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৫৯ হাজার ৪০১ জন শিক্ষার্থীকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরকে এ টিকা দেওয়া হবে। কর্ণফুলীতে ইতোমধ্যে প্রায় ৪১ শতাংশ শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রেশনের হার আরও বাড়ানো জরুরি বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।
শিক্ষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাছে সঠিক তথ্য পৌঁছানো এবং তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় কর্ণফুলীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়বে।
সভায় উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন