সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, রাতের অন্ধকারে অসাধু চক্র ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেছেন এবং শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
মানববন্ধনের সময় শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলমান রয়েছে এবং অবৈধ বালু উত্তোলন তার অংশ।
তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ না করা এবং দোষীদের গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।"
এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনও অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইন ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছে এবং থানায় সাধারণ ডায়রি দায়ের করেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন