সন্দ্বীপে ইসলামী আন্দোলনের প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৯:১৬ পিএম
সন্দ্বীপে ইসলামী আন্দোলনের প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইনের সঙ্গে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার সেনেরহাটস্থ কাচ্চি ডাইন কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন। 

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাঈল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি হাফেজ মহিব্বুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ জাহিদুল ইসলাম, মিডিয়া সেল আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমীন রসুল রিয়াদ, সদস্য সচিব মাওলানা সানাউল্লাহসহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগতের প্রতিনিধি মোজাম্মেল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের এম এ হাশেম, সুপ্রভাত বাংলাদেশের ইলিয়াস কামাল বাবু, সকালের সময়ের বাদল রায় স্বাধীন, দিনকাল ও পূর্বকোণের হাসানুজ্জামান, সন্দ্বীপ বার্তার সম্পাদক কামরুল হাসান, আমার সংবাদ, ডেইলি পোস্ট ও সাঙ্গুর প্রতিনিধি ইলিয়াছ সুমন, যমুনা টেলিভিশনের চারু মিল্লাত, সমকালের সাজিদ মোহন, মানবকণ্ঠের মাহমুদুর রহমান, যায় যায় দিনের মাইনউদ্দীনসহ স্থানীয় অনলাইন পোর্টাল ও টেলিভিশনের প্রতিনিধি।

সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন,“সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের নৌ-যান যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধানে আমি প্রতিশ্রুতিবদ্ধ। গুপ্তছড়া ও বাসবাড়িয়া ফেরিঘাটের চলমান সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নেব। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিদ্যুৎ, পানি ও রাস্তার সমস্যা নিরসন, বিনামূল্যে আইনি সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন,“আমরা চাই সন্দ্বীপকে আধুনিক, নিরাপদ ও মানবিক উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে। এজন্য সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতা প্রয়োজন।”

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী রূপরেখা তুলে ধরেন।

ইএইচ