ডিসি কাপ ফুটবল: জয়ের আনন্দে ফেরার পথে হামলা, আহত ফরিদগঞ্জের ৩ দর্শক

শিমুল হাসান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:৫৯ পিএম
ডিসি কাপ ফুটবল: জয়ের আনন্দে ফেরার পথে হামলা, আহত ফরিদগঞ্জের ৩ দর্শক

চাঁদপুরে অনুষ্ঠিত ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট শেষে ফরিদগঞ্জের দর্শকদের বহনকারী বাসে মতলব উত্তর উপজেলার সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে বাসটি ভাঙচুরের শিকার হয় এবং অন্তত তিনজন দর্শক আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, ফরিদগঞ্জ ফুটবল দল জয়ী হয়ে মাঠ ছাড়ার পর সমর্থকরা একটি বাসযোগে নিজ এলাকায় ফিরছিলেন। এ সময় মতলব উত্তর উপজেলার সমর্থকদের একটি বাস থেকে কয়েকজন নেমে এসে ফরিদগঞ্জের সমর্থকবাহী বাসে হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠি ও হকিস্টিক দিয়ে বাস ভাঙচুর করে।

আহত মারুফ (১৮) বলেন, “আমরা খেলায় জিতে আনন্দে ফিরছিলাম। হঠাৎ ওয়ারলেস মোড়ে মতলবের কয়েকজন আমাদের বাসে হামলা চালায়। বাসের কাচ ভেঙে গেলে আমার, সিহাব (১৭) ও আবিরের (১৮) হাতে কেটে যায়।”

বাসচালক জানান, “দর্শকরা বিজয়ের উল্লাস করতে করতে ফিরছিলেন। হঠাৎ কয়েকজন এসে লাঠি ও হকিস্টিক দিয়ে গাড়ির জানালার কাচ, সাইড মিররসহ বিভিন্ন অংশ ভেঙে দেয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।”

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন সজিব বলেন, “খেলা শেষে আমরা খেলোয়াড়দের গোছগাছ করছিলাম। পরে খবর পাই, আমাদের দর্শকদের বহনকারী বাসে হামলা হয়েছে। ফরিদগঞ্জে ফিরে দেখি বাসটি ভাঙচুর করা হয়েছে। খেলা শেষে এমন আচরণ একেবারেই অপ্রত্যাশিত ও দুঃখজনক।”

উল্লেখ্য, চাঁদপুরে ২১তম ডিসি কাপের উদ্বোধনী ম্যাচে ফরিদগঞ্জ ফুটবল দল মতলব উত্তরকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে।

ইএইচ