লালমনিরহাটে সারের সংকট নিরসনে কড়া নজরদারি, পাচারের সময় ১৯৩ বস্তা জব্দ

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৭:৩৬ পিএম
লালমনিরহাটে সারের সংকট নিরসনে কড়া নজরদারি, পাচারের সময় ১৯৩ বস্তা জব্দ

কৃষকের সারের সংকট নিরসনে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট সদরের বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন বিশেষ নজরদারি কার্যক্রম চালাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তারা।

জানা গেছে, সদর উপজেলার বড়বাড়ী, মহেন্দ্রনগর, মোগলহাট, কুলাঘাট, রাজপুর, পঞ্চগ্রাম ও গোকুন্ডা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনার সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খন্দকার বলেন, “আমরা এখন পর্যন্ত ১৯৩ বস্তা সার জব্দ করেছি।” 

তিনি জানান, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় সদর উপজেলার কুলাঘাট বিজিবি চেকপোস্টে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদের হস্তক্ষেপে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহযোগিতায় পাচারের সময় ১৯৩ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১৪২ বস্তা ইউরিয়া ও ৫১ বস্তা ডিএপি সার রয়েছে। জব্দকৃত সারগুলো পরবর্তীতে বিজিবির বিশেষ ক্যাম্প কুলাঘাটে সংরক্ষণ করা হয়। পরবর্তী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, “কৃষকের সারের সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিদিনই নজরদারি কার্যক্রম চালাচ্ছেন কৃষি বিভাগ।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইফুল আরিফিন বলেন, “চাষিদের প্রয়োজনীয় সার সঠিক সময়ে নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।”

ইএইচ